শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে অনুসরণ করে অপহরণের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে কাছাড় জেলার শ্রীকোণা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে শ্রীকোণা পুলিশ ওয়াচ পোস্টের সামনে জড়ো হয়ে অভিযুক্তদের দ্রুত আটক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিলচরের রামনগর ভি কে ভি সেন্ট্রাল স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। তার বাড়ি বড়খলা বিধানসভা কেন্দ্রের হাতিরহাড় গ্রামে। অভিযোগ, বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে অনুসরণ করে এবং একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা করা হয়।
ঘটনার পর আতঙ্কিত পরিবারের পক্ষ থেকে শ্রীকোণা ওয়াচ পোস্টে
লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ FIR নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। FIR-এ চার যুবকের নাম উল্লেখ করা হয়েছে—রূপম দে, সৌমদীপ ধর, জুবিন এবং বাবন মজুমদার।
এদিকে, নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ দেখা দেয়। সোমবার রাতে বহু স্থানীয় বাসিন্দা শ্রীকোনা পুলিশ ওয়াচ পোস্টের সামনে উপস্থিত হয়ে অভিযুক্তদের অবিলম্বে আটক করার দাবি জানান। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। তবে অভিযোগের প্রকৃত সত্যতা এবং ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল, সে বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। নাবালিকাকে সত্যিই অপহরণের চেষ্টা করা হয়েছিল কি না, অভিযুক্তদের ভূমিকা কী ছিল এবং অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী—তদন্ত শেষ হলেই তা স্পষ্ট হবে বলে জানা গেছে।
ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



