বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনে শিলচর পলিটেকনিক ক্যাম্পাসে উদযাপিত হলো প্রকৌশলী দিবস। মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যক্ষ সঞ্জীব সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিনোদ সিংহি এবং বিশেষ অতিথি ছিলেন অরুণাংশু দেবরায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিক প্রাক্তন ছাত্র সংস্থার সভাপতি ড. রাজন ভট্টাচার্য।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে স্থাপিত ভারতীয় প্রকৌশলী স্যার এম বিশ্বেশ্বরায়ের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য ও হরিবাসনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও প্রাক্তন ছাত্রদের উত্তরীয় পরিয়ে এবং স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শিলচর পলিটেকনিক প্রাক্তন ছাত্র সংস্থার উদ্যোগে এবং প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে স্টার সিমেন্ট লিমিটেড। সংস্থার সাধারণ সম্পাদক মৃণাল দাস লস্কর জানান, প্রকৌশলী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে প্রকৌশল শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি উৎসাহিত করা এবং সমাজ ও দেশের উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করা।
অনুষ্ঠানে সহকারী সাধারণ সম্পাদক রমেশ রবিদাস, কোষাধ্যক্ষ হিমানিশ দাসসহ প্রাক্তন ছাত্র সংস্থার অন্যান্য সদস্য এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলবে।



