বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে যোরহাটে অনুষ্ঠিত দু’দিনের জেলা কমিশনার (DC) সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বন্যা ত্রাণ ও পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, ভূমি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিনিয়োগকারীদের সহজে জমি সরবরাহের জন্য ‘ল্যান্ড ব্যাঙ্ক’ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও সম্মেলনে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। আগামী ১৭ ও ১৮ অক্টোবর রাজ্যজুড়ে ‘সেবা ও সমর্পণ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনে যোরহাটের নবনির্মিত জেলা কমিশনার কার্যালয়ের পাশেই একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্তও গৃহীত হয়। এর পাশাপাশি কারাগারের খালি জমি ব্যবহার করে বিভিন্ন প্রকল্প নির্মাণ, সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং আগামী অক্টোবরে গুয়াহাটিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক কর্মকাণ্ডে অধিক স্বচ্ছতা ও গতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জেলা কমিশনারদের পূর্ণ দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এদিকে মুখ্যমন্ত্রী নগাঁও লোকসভা কেন্দ্র নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, গত এক মাসে নগাঁওয়ে পরিবর্তন দেখা গেছে এবং মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে। নগাঁওয়ে এবার বিজেপি জয়ী হলে পরবর্তী বিধানসভা নির্বাচনে দলটি ১২৬টি আসনেই জয়লাভ করবে বলেও তিনি দাবি করেন।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, আসামে শীঘ্রই সরকারিভাবে পুনর্বাসন কেন্দ্র (Rehabilitation Centre) স্থাপন করা হবে। বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলিকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
অন্যদিকে, যোরহাট মেডিক্যাল কলেজের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য যোরহাটে থাকা অরুণাচল প্রদেশ সরকারের জমি কেনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও মুখ্যমন্ত্রী জানান।



