বরাক তরঙ্গ, ১২ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ক্যান্সার গবেষণা, রোগ নির্ণয় ও চিকিৎসার সমন্বিত পদ্ধতি এবং ওষুধ আবিষ্কারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একদিনের বিশেষ বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এক বছরের ফরেনসিক সায়েন্স ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘ক্যান্সার গবেষণা, থেরানোস্টিক্স এবং ওষুধ আবিষ্কারে ওমিক্স, জিন এডিটিং ও ন্যানোটেকনোলজি’। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়, শিলচরের বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহুয়া সেনগুপ্ত। তিনি আধুনিক জৈবপ্রযুক্তির বিভিন্ন দিক এবং ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অসমিয়া বিভাগের বিভাগীয় প্রধান তথা কলা ও মানবিক বিভাগের সমন্বয়ক ড. আশরাফ হুসেন, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. সাগরিকা মহন্ত এবং বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ড. প্রসেনজিৎ রায়, ড. সৌমিত্র নাথ ও ড. অপরাজিতা দাস। এছাড়াও গবেষক রিতুপর্ণা সিনহা ও মনীষা রায় উপস্থিত ছিলেন। পরে বিশিষ্ট অতিথিদের মাধ্যমে ফরেনসিক সায়েন্স ডিপ্লোমা কোর্সের সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষক রিতুপর্ণা সিনহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ড. অপরাজিতা দাস।



