বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলার মানুষের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। দলের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের উদ্যোগে শিবসাগরের বিভিন্ন বন্যাকবলিত গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কলকাতা থেকে আসা তৃণমূলের প্রতিনিধি দল দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী, জামাকাপড়, জরুরি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের নেতৃত্বে কয়েক দিন ধরে শিবসাগরে এই ত্রাণ কার্যক্রম চালানো হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এবং বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এই উদ্যোগ সংগঠিত করা হয়েছে। ত্রাণ বিতরণে স্থানীয় তৃণমূল কর্মী সুমিত দে, সঞ্জীব দাস, গোপাল হালদার, অভিমন্যু সেনগুপ্ত, বরুণ দাস, সোমনাথ শিকারী, সতরূপা বরুয়া, বিধান গাঙ্গুলি, দীপঙ্কর, রাজ মান্না, সাধন মণ্ডল ও দীপঙ্কর নস্করসহ অনেকে অংশ নেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের অসম রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মজুমদার ও সমাজকর্মী আপি ভট্টাচার্য।

দুর্গতদের হাতে শিশু খাদ্য, শুকনো খাবার, পোশাক ও ওষুধের প্যাকেট তুলে দেওয়া হয়। বন্যায় বহু পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়ায় এই সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। ত্রাণ পেয়ে তৃণমূলের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
শিবসাগরের কুকুরা পহিয়া গাঁও, মেজেঙাগাঁও, পানবেছাগাঁও, লরাপোটা কৈবর্তগাঁওসহ একাধিক এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে। ভবিষ্যতেও বন্যাদুর্গতদের জন্য নিয়মিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।



