কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত লক্ষীপুরের এসডিই

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৮ জুলাই :
কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানির লক্ষীপুর সাব ডিভিশনের ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ার দিবাকর দাস। বিভাগের চিফ জেনারেল ম্যানেজার মঙ্গলবার এক নির্দেশে এসডিই দিবাকর দাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

বিদ্যুৎ বিতরণ বিভাগের লক্ষীপুর সাব ডিভিশনের অধিন বিন্নাকান্দি এলাকায় কয়েকদিন থেকে একেবারে অনিয়মিত ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ‘ওউ দেখি ওউ নেই অবস্থা’ বিদ্যুতের। অনিয়মিত বৈদ্যুতিক পরিষেবা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। প্রচণ্ড গরমে ও বিদ্যুৎ পরিষেবা একেবারে ব্যাহত বিন্নাকান্দি এলাকায়। ইনভার্টার পর্যন্ত মানুষের কোন কাজে লাগছে না। মোবাইল পর্যন্ত চার্জ দেওয়ার সুযোগ মিলছে না বলে অভিযোগ। বিগত এক সপ্তাহ থেকে বিন্নাকান্দি এলাকায় বিদ্যুৎ পরিষেবা একেবারে নেই বললেই চলে। এমন অভিযোগ সাধারণ জনগণের। বিভাগীয় কার্যালয়ে বারবার অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। বিভাগীয় কর্মীরা গ্রাহকদের অভিযোগে কোন পাত্তাই দেন না বলে ক্ষোভ ব্যক্ত করেছেন অনেকেই। বিন্নাকান্দি এলাকায় কেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না এর যুৎসই কোন জবাব ও নেই তাদের কাছে। বিদ্যুৎ কর্মীদের একটাই বাক্য লাইনে ফল্ট রয়েছে, কাজ চলছে। কিন্তু সুরাহার কোন নামগন্ধ নেই।

ভুক্তভোগী মানুষ শেষপর্যন্ত লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়কে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী কৌশিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেন। শেষপর্যন্ত চিফ জেনারেল ম্যানেজার কর্তব্যে গাফিলতির অভিযোগে লক্ষীপুরের এসডিই-কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *