সাংবাদিকসহ একই পরিবারের প্রায় ১০ জনের উপর হামলার প্রতিবাদে সরব সাংবাদিক সংস্থা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : ত্রিপুরার ধর্মনগরে কালীপূজা দেখতে গিয়ে পাথারকান্দির এক সাংবাদিকসহ একই পরিবারের প্রায় ১০ জনের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর ত্রিপুরার পদ্মপুর এলাকার রাইজিং সান ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধর, লুটপাট, আটকে রাখা এবং মোবাইল ফোন থেকে ঘটনার ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে। এমনকি তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ মুছে দেওয়ার অভিযোগ তুলেছে আক্রান্ত পরিবার।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পাথারকান্দি

ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পাথারকান্দি বৃহত্তর কর্মরত সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার সংস্থার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ডিজিপি, সংশ্লিষ্ট জেলাশাসক ও প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে পদ্মপুরের রাইজিং সান ক্লাবে কালীপূজা দেখতে যান ওই সাংবাদিক। ভূতের শো দেখার জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর রাত আড়াইটার দিকে অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হলে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এই সময় পরিবারের এক নাবালক সদস্য পড়ে গিয়ে আহত হয়। তাকে কেন্দ্র করেই ক্লাবের কয়েকজন সদস্য পরিবারের লোকজনের উপর চড়াও হন বলে অভিযোগ।

পরিবারের দাবি, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে মারধর করা হয়। তাঁর মাথায় আঘাত করা ছাড়াও হাতঘড়ি ও গলার চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলারও অভিযোগ উঠেছে। ঘটনায় এক শিক্ষকসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। তাঁদের কয়েকজন শিলচরে চিকিৎসাধীন।

সবচেয়ে গুরুতর অভিযোগ, থানায় তদন্তের জন্য মোবাইল জমা দেওয়ার পর তদন্তকারী আধিকারিক ল্যাপটপের সাহায্যে অবশিষ্ট ভিডিও ফুটেজও মুছে দেন। যদিও প্রযুক্তিগত সহায়তায় কিছু ভিডিও পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি পরিবারের।

প্রতিবাদী সভায় উপস্থিত সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সভায় প্রেসক্লাব সভাপতি বিষ্ণুমূর্তি সিনহা, সম্পাদক মুজির উদ্দিন, জুবায়ের আহমেদ, জামিল উদ্দিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামা হবে। পাশাপাশি তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগও নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আক্রান্ত পরিবার ও সাংবাদিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *