বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের উদ্যোগে জানুয়ারি সেশনের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পরিচয় পর্ব (Induction Programme) তথা মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৮ এপ্রিল,শনিবার। এদিন বেলা ১২ টায় কলেজের ডিজিটাল ক্লাসরুমে অনুষ্ঠিত এ পরিচয় পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ড° রাহুল চক্রবর্তী।
এদিন নিজের সংক্ষিপ্ত বক্তব্যে ডঃ রাহুল চক্রবর্তী কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটের মূল্য অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সমান। এ নিয়ে ছাত্র ছাত্রীদের মনে সন্দেহ থাকার কোন কারণ নেই। পাশাপাশি তিনি আরও বলেন যে, রাধামাধব কলেজ স্টাডি সেন্টার শনিবার ও রবিবার নিয়মিত ক্লাস করানো হয়। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও ছাত্র ছাত্রীদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। আর এরজন্যই এই স্টাডি সেন্টারের প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ ক্রমশঃ বাড়ছে।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা রাধামাধব কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক ড° কালীপদ দাস বর্তমান সময়ের দূর শিক্ষার সুবিধা ও গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি বলেন, প্রকৃত অর্থে মহাভারতের সময়ও দূরশিক্ষা চালু ছিল। একলব্য এর উজ্জ্বল উদাহরণ। তবে সঠিক পদ্ধতি অবলম্বন না করার জন্যই গুরুদক্ষিণা হিসেবে তাঁর আঙুল উৎসর্গ করতে হয়। তাই অন্য কাজে যুক্ত থেকেও বাড়িতে বসে পড়াশোনা করলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড° বিধান বর্মণ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের জন্য যে সুবিধা করে দিয়েছে তার সুযোগ নেওয়া উচিত। যারা আর্থিক ভাবে দুর্বল তারা অন্য কোনও কাজে যুক্ত থেকেও উচ্চশিক্ষা লাভ করার স্বপ্ন পূরণ করতে পারবে। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের বিভিন্ন কোর্স এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করান উজ্জ্বল কর্মকার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্যবহার করে ছাত্র ছাত্রীরা উপকৃত হতে পারবেন সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে জানুয়ারি সেশনে নাম ভর্তি করা নতুন ছাত্র ছাত্রীদের সাথে রাধামাধব কলেজের ষষ্ঠ ষান্মাসিকের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাধামাধব কলেজ স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর ড° সূর্যসেন দেব।



