বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মহাষ্টমীর রাতে হাইলাকান্দি জেলার আমালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালা খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের কাছে অবস্থিত একটি ফার্নিচারের দোকান ও একটি হোটেল আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস এবং জেলার এসএসপি অমিতাভ সিনহা।
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




