মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে অসম সরকারের বিশেষ উদ্যোগে পাথারকান্দিতে ৯৪২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল। বৃহস্পতিবার পাথারকান্দির স্বামী বিবেকানন্দ কলেজ ও এসভি সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের ‘মুখ্যমন্ত্রীর নিজুত মইনা’ ও ‘নিজুত বাবু’র মাধ্যমে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের মোট ৯৪২ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্নাতক স্তরের ৪৫৩ জন ছাত্রী এবং উচ্চমাধ্যমিক স্তরের ২৭৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৭২৯ জন ‘নিজুত মইনা’র আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন। অন্যদিকে, স্নাতক স্তরের ২১৩ জন ছাত্র ‘নিজুত বাবু’র মাধ্যমে উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পালসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক তুলে দেন।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আর্থিক প্রতিবন্ধকতার কারণে যাতে কোনও শিক্ষার্থীকে পড়াশোনা ছেড়ে দিতে না হয়, সে লক্ষ্যেই রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাঁদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে ‘নিজুত মইনা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইভাবে ‘নিজুত বাবু’ ছাত্রদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তা করছে।

গ্রামীণ এলাকার বহু পরিবারের কাছে উচ্চশিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। পাথারকান্দির দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। আর্থিক বাধা অতিক্রম করে আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য।



