মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ মে : ভোট গণনার প্রাক্কালে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রজুড়ে উত্তেজনা তুঙ্গে। আগামী ফলাফলকে সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থীরা। রবিবার শ্রীভূমির বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনায় অংশ নেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহা।
বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল দিনের শুরুতে শ্রীশ্রী মদন মোহন আখড়ায় পুজো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করেন। পরে তিনি শ্রীশ্রী টাউন কালীবাড়িতে গিয়ে মা কালীর চরণে প্রণাম জানান। প্রার্থনার পর তিনি বলেন, শ্রীভূমির মানুষের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নই তাঁর মূল কামনা। ভগবানের আশীর্বাদে আগামী দিনগুলি যেন সকলের জন্য মঙ্গলময় হয়, সেই প্রার্থনাই করেছেন তিনি।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাও একই দিনে বৈঠাখালের জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে জনকল্যাণের বার্তা দেন। তিনি জানান, নিজের জন্য কিছু না চেয়ে এলাকার মানুষের সুখ-শান্তি ও উন্নয়নের জন্যই প্রার্থনা করেছেন। তাঁর দাবি, মানুষের আস্থা ও সমর্থনই আগামী ফলাফলে প্রতিফলিত হবে এবং পাথারকান্দিতে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ফল ঘোষণার আগে এই ধরনের ধর্মীয় সফর প্রার্থীদের মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে আবেগঘন সংযোগ স্থাপন করে। বিশেষত গ্রামীণ অঞ্চলে এই বার্তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল চরমে—কার দখলে যাবে পাথারকান্দির ক্ষমতা, কার নেতৃত্বে এগোবে উন্নয়ন—তার উত্তর মিলবে শীঘ্রই। ফলাফল ঘোষণার আগে প্রার্থীদের এই আধ্যাত্মিক সফর যেন বিশ্বাস, ভরসা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই উঠে এসেছে।



