৩ মে : অবতরণের পরও থামেনি বিমান, তার মধ্যেই আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দিলেন এক যুবক। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাকে ঘিরে মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শারজাহ থেকে চেন্নাইগামী এয়ার আরাবিয়ার একটি বিমানে আজ ভোরে এই ঘটনা ঘটে। বিমানটি রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে ওঠার সময়ই আচমকা আপৎকালীন দরজা খুলে বাইরে ঝাঁপ দেন ওই যাত্রী। সেই সময় বিমানটি ধীরে ধীরে চলছিল বলেই বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানে ওঠার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন ওই যুবক। একাধিকবার বমিও করেন তিনি। এরপর হঠাৎ করেই এমন চরম পদক্ষেপ নেন। তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার সঙ্গে সঙ্গে পাইলট নিরাপত্তারক্ষীদের সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিআইএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভোর ৩টা ২৩ মিনিট থেকে ৪টা ২৩ মিনিট পর্যন্ত প্রধান রানওয়ে বন্ধ রাখা হয় এবং ওই সময়ে ফ্লাইট চলাচল দ্বিতীয় রানওয়ে দিয়ে পরিচালিত হয়।



