কেএ লস্কর, জিরিবাম।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জেরে ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুরের তামেংলঙ জেলার তামেই সাব-ডিভিশন। সোমবার দুপুরে সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে ১৮ বছরের এক নাগা যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত যুবকের নাম এনকে উইপেনবৌ। তিনি তামেই সাব-ডিভিশনের আপার তাকাউ গ্রামের বাসিন্দা এবং এনকে মাইহিনলাকবৌয়ের ছেলে। পরিবারের দাবি, খাদ্যসামগ্রী সংগ্রহ করে বাড়ি ফেরার পথে একদল বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার জন্য কুকি বন্দুকধারীদের দায়ী করেছে মৃতের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছে কুকি ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, নাগা যুবক হত্যার ঘটনায় কুকি সম্প্রদায়ের কেউ জড়িত নয়।

এদিকে, নাগা ও কুকি অধ্যুষিত এলাকায় সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে। হামলা ও পাল্টা হামলার জেরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চললেও বিচ্ছিন্ন হিংসার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।
অন্যদিকে, অশান্তির প্রভাব পড়েছে মণিপুরের স্বাভাবিক জনজীবনে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহও ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে জাতীয় সড়কে যানবাহন চলাচল অনিয়মিত হয়ে পড়ায় মণিপুরমুখী বহু পণ্যবাহী লরি জিরিবামে আটকে রয়েছে। জিরিবাম থেকে বাসকান্দি পর্যন্ত জাতীয় সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বহু পণ্যবাহী গাড়ি। চালকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।



