নগাঁও লোকসভা উপনির্বাচনে বিপুল জয় দেবাশিস শর্মাকে অভিনন্দন কেশব মহন্তের

Spread the news

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শুক্রবার ঘোষিত নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে বিজেপি-অগপ জোটের প্রার্থী দেবাশিস শর্মা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। পূর্বে কংগ্রেসের দখলে থাকা আসনটি বিজেপি দখল করতে সক্ষম হওয়ায় বিজেপি ও অগপের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর শুক্রবার রাতেই বিজয়ী প্রার্থী দেবাশিস শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন অসম গণ পরিষদের (অগপ) কার্যকরী সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত। এ সময় তিনি দেবাশিস শর্মাকে অভিনন্দন জানান।

বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী কেশব মহন্ত বলেন, “প্রথমেই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির মনোনীত মিত্রজোটের প্রার্থী দেবাশিস শর্মা সত্যিই একজন ভালো মানুষ। নগাঁওয়ের মানুষ তাঁকে বিপুল ভালোবাসা ও স্নেহ দিয়ে আশীর্বাদ করে সাংসদ হিসেবে সংসদে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, দেবাশিস শর্মা সংসদে নগাঁওয়ের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন বলে তিনি আশাবাদী। মানুষের প্রত্যাশা পূরণে বিজয়ী প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান মন্ত্রী কেশব মহন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *