১১ সেপ্টেম্বর : নয়াদিল্লিতে শুরু হতে চলেছে BRICS-এর ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনের আগে সদস্য দেশগুলির মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও অর্থবহ আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বজুড়ে একাধিক দেশের মধ্যে সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক টানাপোড়েনের আবহে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে BRICS-এর ভূমিকার ওপর জোর দিতে চাইছে ভারত।
বর্তমানে BRICS-এর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ সম্মেলন। ভারতীয় চেয়ারম্যানশিপের মূল ভাবনায় স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সদস্য দেশগুলির মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার করাই এবারের সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, আগামী কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা BRICS শীর্ষ সম্মেলনে সমবেত হবেন। বিশ্বকল্যাণের অভিন্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও অর্থবহ আলোচনা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে BRICS সদস্য দেশগুলির অভিন্ন স্বার্থের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, বিশ্বের বৃহত্তর কল্যাণে কাজ করার ক্ষেত্রে সদস্য দেশগুলির মধ্যে যথেষ্ট মিল রয়েছে। মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।
এই প্রেক্ষাপটে আসন্ন শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে গঠনমূলক পরিবেশ তৈরি করা ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, উদ্ভাবন ও স্থায়িত্বের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হতে পারে।



