৯৯ হাজারের বেশি ভোটে জয়ী কৌশিক, অভিনন্দন কণাদের

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৪ মে : প্রত্যাশামতোই লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের জয় নিশ্চিত ছিল। তবে সবার নজর ছিল জয়ের ব্যবধান কত হবে তা নিয়ে। শেষ পর্যন্ত প্রায় এক লক্ষের কাছাকাছি ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে পুনরায় লক্ষীপুরের বিধায়ক নির্বাচিত হলেন কৌশিক রায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কৌশিক রায় মোট ১,২৫,৩০১টি ভোট পেয়েছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী এম শান্তি কুমার সিংহ পেয়েছেন মাত্র ২৫,৯০১টি ভোট। ফলে ৯৯,৪০০ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী। লক্ষাধিক ব্যবধানের লক্ষ্য থাকলেও মাত্র প্রায় ৬০০ ভোটের জন্য সেই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়নি। তবুও রাজ্যজুড়ে অন্যতম বৃহত্তম ব্যবধানে জয়ের নজির গড়েছেন তিনি।

লক্ষীপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১,৭৮,৪৮৯। এর মধ্যে ১,৫৩,৭৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটের মধ্যে প্রায় ৮২.১৪ শতাংশ ভোট পেয়েছেন কৌশিক রায়, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম শান্তি কুমার সিংহ পান মাত্র ১৭.৯ শতাংশ ভোট।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৌশিক রায় ৫৫,৩৪১ ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এবং তখন কংগ্রেস প্রার্থী মুকেশ পান্ডে ৪২,৬৪১ ভোট পেয়ে পরাজিত হন। সেই নির্বাচনে জয়ের ব্যবধান ছিল প্রায় ১২,৭০০ ভোট। এবার সেই ব্যবধান বেড়ে দাঁড়াল ৯৯,৪০০ ভোটে, যা তাঁর জনপ্রিয়তার উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে।

ভোটগণনা শেষে কৌশিক রায়ের জয় ঘোষিত হতেই লক্ষীপুরজুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকরা ফুলেরতলায় দলীয় কার্যালয়ে জড়ো হয়ে আবির খেলা, মিষ্টি বিতরণ এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। রাস্তায় নেমে বহু মানুষ নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *