বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান নিউ দিল্লির উদ্যোগে গোটা দেশে আগামী শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর, সকাল ১১টায় রাষ্ট্রগীত বন্দে মাতরম সঙ্গীত হাজার কণ্ঠে পরিবেশিত হবে। একই সময়ে, একই তিথিতে গোটা দেশে এই কার্যসূচী অনুষ্ঠিত হবে। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অধীনস্ত সবকটি বিদ্যালয়কে এই কার্যসূচী গোটা দেশের সঙ্গে উদযাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। যা গিনিজ রেকর্ড করতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের ব্যবস্থাপনায় ওইদিন বিদ্যালয় সংলগ্ন ২য় লিঙ্করোড উন্নয়ন কমিটির মাঠে এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করা হবে বলে বিদ্যানিকেতনের তরফ থেকে জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্ৰধান অধ্যাপিকা ডঃ সুপর্ণা রায়। ঐতিহাসিক সেই মূহুর্তের সাক্ষী থাকতে আপামর জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
এদিন বন্দে মাতরম রাষ্ট্রগীত পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ৭ নভেম্বর ১৮৭৫ সালে রচনা করেন এবং বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয়। পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি তাঁর উপন্যাস ‘আনন্দমঠ’-এ অন্তর্ভুক্ত করেন; উপন্যাসটি ১৮৮২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৮৯৬ সালের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বন্দে মাতরম্’ গানটি পরিবেশন করেন। ভারত সরকারের তথ্যেও এটিকে প্রথম গাওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।



