প্রতিষ্ঠা দিবসে অ্যাকাডেমিতে নবীন ও প্রবীণদের সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: নবীন ও প্রবীণ ফুটবলারদের মিলন, প্রাক্তনদের সংবর্ধনা এবং প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বুধবার জাঁকজমকপূর্ণভাবে শিলচর ফুটবল অ্যাকাডেমির ৩০তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল। অ্যাকাডেমির ভবন থেকে অ্যাস্ট্রোটাফ- সর্বত্রই ছিল উৎসবের আবহ। আলোকসজ্জা, প্রাক্তনদের গায়ে আকাশি জার্সি এবং উৎপল দত্তের প্রাণবন্ত সঞ্চালনা অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় অ্যাকাডেমির প্রথম ব্যাচের একটি বড় ফ্ল্যাক্সের সামনে। সেখানে নিজের ছবি দেখিয়ে আবাসিক শিবিরের এক খুদে ফুটবলারকে নামদুনা রংমাই বলেন, ‘এটা আমি।’ পুরনো দিনের স্মৃতি এভাবেই নবীন প্রজন্মের সামনে ফিরে আসে।

বিকেলে অ্যাকাডেমির সভাপতি রসরাজ দাস ও সহযোগীরা কেক কেটে প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় দু’টি প্রীতি ফুটবল ম্যাচ। অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রাক্তন খেলোয়াড়দের উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, টাউন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী, অ্যাকাডেমির সভাপতি রসরাজ দাস, সহ-সভাপতি বাবুল হোড়, মূলচান্দ বৈদ, দেবাশিস চক্রবর্তী, সচিব মৃণালকান্তি রায়, কোষাধ্যক্ষ বিষ্ণু গুপ্ত প্রমুখ তাঁদের হাতে সম্মান তুলে দেন।

মুখ্য অতিথির বক্তব্যে সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, দীর্ঘ ২৯ বছর সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে যাওয়ার জন্য ধৈর্য ও নিষ্ঠার প্রয়োজন। অ্যাকাডেমির এই দীর্ঘ পথচলার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, উন্নত পরিকাঠামোর মাধ্যমে শিলচর ফুটবল অ্যাকাডেমি খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবলের প্রত্যাশিত সাফল্য না আসার বিভিন্ন কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফুটবলের উন্নয়নে সরকারকে পৃথকভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, সুযোগ পেলে সরকারের কাছে এ বিষয়ে পরামর্শ দেবেন। আগামী দিনে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে অ্যাকাডেমির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

বিশেষ অতিথি দিলীপ নন্দী বলেন, শিলচর ফুটবল অ্যাকাডেমির জন্মলগ্ন থেকেই তিনি ব্যক্তিগতভাবে এর সঙ্গে যুক্ত। ডিএসএ-র সচিবের দায়িত্বে আসার পর মৃণালকান্তি রায়, শিথিল ধর ও নকুল মণ্ডলের আবেদনে তিনি ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন। তাঁর মতে, ফুটবলের বিকাশে অ্যাকাডেমির অপরিসীম। দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুটবল অ্যাকাডেমি পরিচালনার ঘাটতি রয়েছে বলেই ভারতীয় ফুটবল পিছিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফুটবলের উন্নয়নে শিল্পপতিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিদেশে পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুটবল অ্যাকাডেমি পরিচালিত হয় বলেও উল্লেখ করেন।

বরাক উপত্যকার ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন দিলীপ নন্দী। তাঁর বক্তব্য, এক সময় শিলচর বরাকের ফুটবলে শীর্ষে থাকলেও বর্তমানে চার নম্বরে অবস্থান করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত। স্বাগত বক্তব্য রাখেন শিলচর ফুটবল অ্যাকাডেমির সভাপতি রসরাজ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *