বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: মানবতাবাদী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরের সরকারি পেনসনার্স ভবনে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এআইডিএসও-র কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী। শিল্পী গৌতম নন্দীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রতচন্দ্র নাথ। তিনি শরৎচন্দ্রের সাহিত্যকর্মে গরিব, শ্রমজীবী ও শোষিত মানুষের জীবনসংগ্রামের প্রতিফলনের কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষা ও সংস্কৃতিকে বাণিজ্যিক পণ্যে পরিণত করার প্রবণতার বিরুদ্ধে মানবিক ও যুক্তিবাদী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে পরিতোষ ভট্টাচার্য বলেন, শুধু জন্মবার্ষিকী পালন নয়, শরৎচন্দ্রের সাহিত্য থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা গ্রহণ করতে হবে। ছাত্র ও যুবসমাজকে অপসংস্কৃতি ও ভোগবাদী মানসিকতার বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। ‘শরৎচন্দ্রের জীবনী ও স্বাধীনতা আন্দোলনে শরৎ সাহিত্যের ভূমিকা’ বিষয়ের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়।
এআইএমএসএস-এর কাছাড় জেলা সম্পাদক সম্পা দে-র সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য ও পল্লব ভট্টাচার্যসহ অন্যান্যরা।




