পালংঘাটের জামালপারে সোনাই নদীর ভাঙন পরিদর্শন অমিয়কান্তির, স্থায়ী সমাধানের আশ্বাস

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পালংঘাটের জামালপার এলাকায় সোনাই নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিয়কান্তি দাশ। বুধবার জলসম্পদ বিভাগের আধিকারিক, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে দর্মি থেকে পালংঘাট পর্যন্ত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তথা পূর্ত সড়ক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে বিধায়ক জানান, দর্মি থেকে পালংঘাট পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশে সোনাই নদীর ভাঙন গুরুতর আকার ধারণ করেছে। এর মধ্যে প্রায় ২৮০ মিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

অমিয়কান্তি দাশ জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলসম্পদ ও পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ ক্ষতিগ্রস্ত অংশের বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় প্রাক্কলন তৈরি করে সরকারের কাছে পাঠাবে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এবং জেলার অভিভাবক মন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
বিধায়ক বলেন, চলতি বর্ষার মরশুম শেষ হওয়ার পর আগামী বর্ষা শুরুর আগেই নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বর্তমানে সড়কের যে অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি দ্রুত মেরামতের ব্যবস্থাও করা হবে।

এদিন পরিদর্শনে বিধায়কের সঙ্গে ছিলেন জলসম্পদ বিভাগের কনিষ্ঠ বাস্তুকার আব্দুল মান্নান, প্রদীপ দাস, অমাজিৎ চন্দ, অর্পণ পাল, সুমিত রায়-সহ বিভাগের কর্মী এবং স্থানীয় নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *