১৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার প্রতিশ্রুতি
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের সমর্থনে বুধবার আইএসবিটি সংলগ্ন বিবাহ ভবনের মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রার্থী আতাউর রহমান লস্কর, ১৭ নম্বর ওয়ার্ডের প্রভারী সুব্রত চক্রবর্তী এবং মণ্ডল সভাপতি পিকলু দাস।
পিকলু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৌশিক রায় দাবি করেন, আসন্ন নির্বাচনে শিলচর পুর নিগমে বিজেপি বোর্ড গঠন করবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে নগর উন্নয়ন দফতরের দায়িত্ব দিয়েছেন এবং শিলচরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পুর নিগমের মাধ্যমে শহরের উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে। আতাউর রহমান লস্কর জয়ী হলে ১৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন হবে বলেও দাবি করেন তিনি।
কৌশিক রাই আরও বলেন, একসময় মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির সভা করা কঠিন ছিল। বর্তমানে বিজেপি মুসলিম প্রার্থীকেও নির্বাচনে মনোনয়ন দিচ্ছে এবং মুসলিম জনগণের একাংশও দলকে সমর্থন করছেন। তাঁর দাবি, গত বিধানসভা নির্বাচনে লক্ষীপুরে তিনি ১০ হাজারেরও বেশি মুসলিম ভোট পেয়েছেন।
সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকায় উন্নয়নের কাজ এগিয়েছে। তিনি আতাউর রহমান লস্করের জনসংযোগ ও মানুষের পাশে থাকার বিষয়টি তুলে ধরে তাঁকে জয়ী করার আহ্বান জানান। প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালও আতাউর রহমানের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। করোনা পরিস্থিতিতে বৃহত্তর রামনগর এলাকায় তাঁর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণের কথাও উল্লেখ করেন তিনি।

জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, ১৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া উচিত। অন্যদিকে, আতাউর রহমান লস্কর সভায় উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বলেন, তিনি অতীতেও মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচিত হলে ১৭ নম্বর ওয়ার্ডকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।



