১২ সেপ্টেম্বর : স্টেক (গো-মাংস) রান্নাকে কেন্দ্র করে ভাড়াটের সঙ্গে অশান্তি এবং হেনস্থার অভিযোগে কানাডায় গ্রেফতার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। কয়েক দিন আগে ঘটনাটির দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ওই মহিলাকে ভাড়াটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, খাবার ফেলে দেওয়ার চেষ্টা এবং পরে ভাড়াটের ঘরে ঢুকে পাথর ছোড়ার অভিযোগে দেখা যায়।
জানা গিয়েছে, কানাডার সারেতে বসবাসকারী ওই মহিলার নাম রাজ তিওয়ানা। অভিযোগ, বাড়ির ভাড়াটে বাইরে খোলা জায়গায় গ্রিল করে গো-মাংস রান্না করছিলেন। সেই সময় রাজ সেখানে গিয়ে আপত্তি জানান। তাঁর অভিযোগ ছিল, তাঁর সম্পত্তিতে এ ধরনের রান্না করা যাবে না। এক পর্যায়ে তিনি গ্রিল থেকে রান্না করা মাংস ফেলে দেওয়ার চেষ্টা করেন বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। পাশাপাশি পুলিশ ডাকার হুমকিও দেন তিনি।
ভাড়াটে অবশ্য তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, তাঁরা বাড়ির বাইরে বার্বিকিউ করছিলেন। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। পরে প্রকাশ্যে আসা দ্বিতীয় ভিডিওতে ওই মহিলাকে ভাড়াটের ঘরে প্রবেশ করতে দেখা যায়। সেখানে তাঁকে পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে দাবি।
ভাড়াটে সামাজিক মাধ্যমে ভিডিওগুলি প্রকাশ করে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর আরও অভিযোগ, পরে কয়েক জন জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং তাঁর মতামত না নিয়েই তালা পরিবর্তন করে দেওয়া হয়।
‘Tiwana Farm Survivor’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলি প্রকাশিত হয়। তবে ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয় এবং অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে স্থানীয় পুলিশ রাজ তিওয়ানাকে গ্রেফতার করে। গ্রেফতারের একটি ভিডিওও সামনে এসেছে, যেখানে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।
তবে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিযুক্ত মহিলার বর্তমান অবস্থান বা তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কী কী ধারায় মামলা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।



