কল্যাণীগ্রামে ডিডিসি ক্র্যাশারে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণীগ্রামে ডিডিসি ক্র্যাশারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ক্র্যাশারের বিটুমিন মিক্সচার মেশিনে আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উধারবন্দ ও শিলচর দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানোর পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ক্র্যাশারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। কী কারণে আগুনের সূত্রপাত, তা নিয়েও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। ক্র্যাশার কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, এর আগেও এই ক্র্যাশারে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে সেখানে অগ্নি-নিরাপত্তা ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ক্র্যাশার কর্তৃপক্ষকে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *