দ্বারকা সেক্টর-১৩-তে পাঁচতলা ভবনে থাকছে ২১টি অতিথিশালা, দুটি ভিআইপি সুইট ও দুটি ডরমিটরি
২৩ নভেম্বর : রাজধানী দিল্লিতে অসমবাসীর জন্য যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। নতুন দিল্লির দ্বারকা সেক্টর-১৩-তে নবনির্মিত অসম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করা হয়।

অসম থেকে বিভিন্ন প্রয়োজনে দিল্লিতে আসা ছাত্রছাত্রী, চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্য, সরকারি আধিকারিক-কর্মচারী-সহ অন্যান্য মানুষের আবাসনের ক্ষেত্রে এই ভবনটি বিশেষ সুবিধা প্রদান করবে। উন্নত পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অসম ভবনে অতিথিদের জন্য সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকার ব্যবস্থা করা হয়েছে।

প্রায় ১,০০০ বর্গমিটার জমির উপর নির্মিত পাঁচতলা ভবনটিতে রয়েছে ২১টি অতিথিশালা, দুটি ভিআইপি সুইট, দুটি ডরমিটরি, একটি সম্মেলন কক্ষ এবং একটি রেস্তোরাঁ। একসঙ্গে প্রায় ৪২ জন অতিথির থাকার ব্যবস্থা রয়েছে এখানে। পাশাপাশি অতিথিদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে পার্কিং ব্যবস্থাও।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কেশব মহন্ত, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, সুশান্ত বরগোহাঁই, পীযূষ হাজরিকা, বিমল বরা এবং বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসম থেকে বিভিন্ন কাজে দিল্লিতে আসা মানুষের আবাসন সংক্রান্ত সমস্যার অনেকটাই সমাধান করবে নবনির্মিত অসম ভবন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে দিল্লিতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি ছাত্রছাত্রী এবং সরকারি কাজে আসা ব্যক্তিরা এই ভবনের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।



