শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিরাজ রাইজিং ডিফেন্স অ্যান্ড কেরিয়ার ইনস্টিটিউশন। কাছাড়ের কাটিগড়া এলাকার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার সার্কল অফিসার যাত্রা কান্ত কর্মকার। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক শিক্ষিত বেকার যুবক-যুবতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই বিরাজ রাইজিং দীর্ঘদিন ধরে সমাজমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
শিক্ষিত যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করেছিল বিরাজ রাইজিং এসোসিয়েশন। এই সংগঠন এখন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, যা এলাকার যুবসমাজের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। দীর্ঘ প্রায় এক দশকের পথচলায় এই সংস্থার প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যেই ৩৮ জন যুবক-যুবতী ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং কমান্ডো বাহিনীর মতো বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন। এবার সেই সাফল্যের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি এবার শুরু হচ্ছে লিখিত পরীক্ষার বিশেষ প্রশিক্ষণও। এই লক্ষ্যেই সোমবার সূচনা হয় ‘বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউট’ এর।
সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার সহ উপস্থিত অতিথিরা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং শিক্ষিত যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি বিরাজ কান্তি মালাকার, চিরঞ্জিত দাস সহ অন্যান্য উদ্যোক্তারা জানান, এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করে তোলাই তাদের মূল লক্ষ্য। এ কাজে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তারা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মনোরঞ্জন দাস, প্রাক্তন সেনাকর্মী অজিত পাল, সিদ্ধেশ্বর জিপির সভাপতি রিপন রায়, কাটিগড়া জিপির সভাপতি অসীম দত্ত, সমাজসেবী দেবজ্যোতি চৌধুরী, কাটিগড়া মডেল হাসপাতালের ইনচার্জ ডাঃ মনজুরুল হক, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, ক্রীড়াবিদ ইন্দ্রজিৎ সিনহা, সাংবাদিক সানু চৌধুরী, রফিক আহমেদ মজুমদার, প্রণব মালাকার, অমলেন্দু মালাকার সহ আরও অনেকে।



