শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত কালাইন কমিউনিটি হেলথ সেন্টার (CHC)-এ স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা ও কর্মসংস্কৃতির অবনতিকে কেন্দ্র করে ফের উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, রাতের বেলায় স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সময় মতো বিভিন্ন পরীক্ষার রিপোর্ট না দেওয়ার মতো একাধিক অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
পরিদর্শনকালে হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির অভিযোগ সামনে আসে। বিধায়ক নিজেই হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, কর্তব্যরত কয়েকজন চিকিৎসক নিজ নিজ কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলেন, যার ফলে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ করে রাতের বেলায় চিকিৎসকদের অনুপস্থিতির কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগী কিংবা সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অনেক সময় প্রাথমিক চিকিৎসা না দিয়েই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এতে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
পরিদর্শন শেষে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বৃহত্তর কালাইন এলাকার হাজার হাজার মানুষের কাছে এই কমিউনিটি হেলথ সেন্টারই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার প্রধান ভরসা। তাই এখানে নিয়মিত, দায়িত্বশীল এবং মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় কোনো ধরনের গাফিলতি বা কর্তব্যে অবহেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিষেবার দ্রুত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



