বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শোণিতপুর জেলার রঙাপরায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে আমলগা গ্রামে সংঘটিত এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত মহিলার নাম অনিমা মিঞ্জ। তাঁর স্বামী রাকেশ মিঞ্জের সঙ্গে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকা রাকেশ একটি লাঠি দিয়ে স্ত্রী অনিমা মিঞ্জকে আঘাত করেন। ওই আঘাতের ফলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমলগা গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পারিবারিক বিবাদের জেরে এমন মর্মান্তিক পরিণতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী রাকেশ মিঞ্জকে গ্রেফতার করেছে।



