শিলচর মেডিক্যালে এমআরআই পরিষেবার উদ্বোধন কৌশিকের, পর্যালোচনা বৈঠকও

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুন : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবস্থাপিত অত্যাধুনিক এমআরআই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই পরিষেবা চালু হওয়ায় বরাক উপত্যকার রোগীরা উন্নতমানের মেডিক্যাল ইমেজিং সুবিধা সহজেই পাবেন এবং বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে।

এদিন হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসা পরিষেবার মান, পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তিনি। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর ঘুংঘুরে অমৃত জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করে জল সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও পরিষেবার মান মূল্যায়ন করেন মন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্প পরিচালনা আরও সুসংহত করে শিলচরবাসীর জন্য নিরাপদ, বিশুদ্ধ ও নিরবচ্ছিন্ন পানীয়জল নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শিলকুড়ি কনভেনশন সেন্টারে নগর স্থানীয় সংস্থাগুলির (ইউএলবি) প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। বৈঠকে নগর পরিকাঠামো, পানীয়জল সরবরাহ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি, স্যানিটেশন, আবাসন এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী কৌশিক রায় বলেন, বরাক উপত্যকার শহরগুলিকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব করে তুলতে সব নগর স্থানীয় সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলির কাজ শেষ করার ওপর জোর দিয়ে তিনি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বড়খলা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ উপস্থিত ছিলেন। শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায় ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। এছাড়াও আবাসন ও নগর বিষয়ক বিভাগের কমিশনার ও সচিব কবিতা পদ্মনাভন, সচিব রিচান্দ আহমেদ, শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদী-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এ দিন মন্ত্রী রায় সিঙ্গিরখাল, রাঙ্গিরখাল এবং লঙ্গাইখালে চলমান নিকাশি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন কৌশিক রায়। বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারদের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা থেকে শিলচরবাসীকে দ্রুত মুক্তি দিতে এই প্রকল্পগুলির সময়মতো সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *