বরাক তরঙ্গ, ২৬ জুন : সামাগুড়ির রঙাগড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত তরুণীর পরিচয় তেজপুরের ঢেকিয়াজুলির বাসিন্দা চন্দা শর্মা হিসেবে জানা গেছে। চন্দা শর্মা রঙাগড়ের ১২৭ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত অরোমা হোটেলে কর্মরত ছিলেন। তিনি আরও তিন সহকর্মীর সঙ্গে হোটেল থেকে কিছুটা দূরে একটি ভাড়াবাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার তাঁর ডিউটি না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে সহকর্মীরা ডিউটি শেষে ফিরে এসে বাড়ির বাথরুমে তাঁর নিথর দেহ দেখতে পান। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সামাগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনএমসিএইচ-এ পাঠায় এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে, ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত অরোমা হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।



