
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শিলচরের পিডব্লিউডি রোডে বড়সড় নেশাবিরোধী অভিযান চালাল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চলাকালে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে কী ধরনের সামগ্রী এবং মোট কত পরিমাণে উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

ঘটনার পর আটক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।




