দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ধোয়ারবন্দ ও আইরংমারা বাজারে দু’টি আধুনিক হাইমাস্ট ফ্লাড লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারির তাঁর তহবিলের অর্থায়নে নির্মিত এই প্রকল্পের উদ্বোধন করেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। ফ্লাড লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর অভাবে ধোয়ারবন্দ ও আইরংমারা বাজারে সন্ধ্যার পর ব্যবসা পরিচালনা, সাধারণ মানুষের চলাচল এবং নিরাপত্তা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে রাতের সময় দুর্ঘটনা, চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল। নতুন হাইমাস্ট ফ্লাড লাইট চালু হওয়ায় বাজার ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত হয়েছে। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচলও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ধলাই বিধানসভা এলাকায় একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ও আলোর মতো মৌলিক পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই উদ্যোগের জন্য জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মৌলিক সমস্যাগুলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই ধোয়ারবন্দ ও আইরংমারা বাজারে হাইমাস্ট ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে। তিনি জানান, আগামী দিনেও রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, ড্রেনেজসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাবেন। ফ্লাড লাইট চালু হওয়ায় দুই বাজারের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



