ঈদ-উল-ফিতরের সম্ভাব্য দিনে পরীক্ষা, বিধায়কের আবেদনে সাড়া শিক্ষামন্ত্ৰীর, পরিবর্তনের নির্দেশ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ২০২৭ সালের হাইস্কুল শিক্ষান্ত (HSLC) পরীক্ষার একটি নির্ধারিত দিনের পরিবর্তনের দাবিতে সাড়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মেট্রিক পরীক্ষার দিনটি ঈদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখের সঙ্গে মিলে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরীক্ষার দিন পরিবর্তনের দাবি জানিয়েছিলেন পর্বতঝোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশরাফুল ইসলাম শেখ।

এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেন বিধায়ক। স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, ঈদ-উল-ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের সঙ্গে উৎসব উদযাপন করার প্রচলন রয়েছে।

বিধায়ক আশঙ্কা প্রকাশ করেন, ঈদের দিন পরীক্ষা অনুষ্ঠিত হলে ইসলাম ধর্মাবলম্বী ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। পাশাপাশি ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরেন তিনি।

বিধায়ক আশরাফুল ইসলাম শেখ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাঁর আবেদনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে ফোনে কথা বলেন এবং ৯ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত না করার নির্দেশ দেন।

শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থ, ধর্মীয় অনুভূতি এবং সংবিধানপ্রদত্ত অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে ৯ মার্চের পরিবর্তে অন্য কোনও সুবিধাজনক দিনে পরীক্ষার আয়োজনের আবেদন জানিয়েছিলেন বিধায়ক। তাঁর আবেদনে শিক্ষামন্ত্রীর এই তাৎক্ষণিক সাড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *