বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : কাছাড় জেলায় পূর্ত বিভাগের অধীনে ঠিকাদার রূপম সাহাকে বরাদ্দ করা বিভিন্ন নির্মাণ, সংস্কার ও উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য জানতে RTI আবেদন দাখিল করা হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত তাঁর নামে বরাদ্দ হওয়া সমস্ত কাজের হিসাব চেয়ে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে তথ্য জানার অধিকার আইন, ২০০৫-এর ৬(১) ধারায় এই আবেদন করা হয়। আবেদনে প্রতিটি প্রকল্পের কাজের বিবরণ, অনুমোদিত অর্থের পরিমাণ, টেন্ডার মূল্য, চুক্তির অর্থমূল্য, কার্যাদেশ, কাজের অগ্রগতি, জমা দেওয়া বিল এবং পরিশোধিত অর্থের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্রের প্রত্যয়িত অনুলিপিও চেয়েছেন আবেদনকারী।

এছাড়া প্রতিটি কাজের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অভিয়ন্তা, সহকারী অভিয়ন্তা ও জুনিয়র অভিয়ন্তার নাম, পরিমাপ বহি (মেজারমেন্ট বুক), গুণমান পরীক্ষার প্রতিবেদন এবং কাজ সম্পন্ন হওয়ার শংসাপত্রও চাওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, রূপম সাহা অসম পূর্ত বিভাগ (সড়ক)-এর অধীনে শিলচরের একজন প্রথম শ্রেণির ‘Class 1A’ ঠিকাদার। তাঁর ঠিকাদারি নিবন্ধন নম্বর APWRD/R/1A/OBC/2017-18/2127।
আবেদনকারীর বক্তব্য, সরকারি উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার, কাজের গুণমান এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাওয়া তথ্যের কোনও অংশ অন্য কোনও PWD বিভাগ বা উপবিভাগের অধীনে থাকলে RTI আইনের ৬(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা স্থানান্তরেরও আবেদন জানানো হয়েছে।

আবেদনকারীর মতে, সরকারি অর্থে সম্পাদিত প্রতিটি উন্নয়নমূলক কাজের স্বচ্ছ হিসাব জনস্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তাই প্রকল্পের বরাদ্দ থেকে শুরু করে টেন্ডার, কাজের বাস্তবায়ন এবং অর্থ পরিশোধ পর্যন্ত প্রতিটি পর্যায়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের মাধ্যমেই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।



