​দাবদাহ : হাইলাকান্দিতে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অগস্ট : হাইলাকান্দি জেলায় তাপপ্রবাহ বৃদ্ধির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচির এগিয়ে আনা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক, হাইলাকান্দি এক আদেশ জারি করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্লাসের সময়সূচী এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন। এতে বলা হয়েছে নিম্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ পর্যন্ত পাঠদান চলবে।। অনুরূপভাবে উচ্চ প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত পাঠদান চলবে।

এছাড়া উচ্চমাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সকাল সাড়ে ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পাঠদানের সময়সূচী নির্ধারিত হয়েছে। জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির জন্য এই পাঠদান সময়সূচী চালু থাকবে। সোমবার অর্থাৎ ১৭ অগস্ট থেকে এই সময়সূচী কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

​এছাড়াও, আদেশে তাপপ্রবাহ মোকাবিলার জন্য বিদ্যালয়গুলির উদ্দেশ্যে বেশ কিছু অতিরিক্ত নির্দেশাবলি জারি করা হয়েছে। প্রাতঃকালীন প্রার্থনা সভা ছায়াঘেরা স্থান যেমন বারান্দা বা গাছের নিচে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রেখে পরিচালনা করতে হবে। ডিহাইড্রেশন বা জলশূন্যতা রোধে শিক্ষার্থীদের সঙ্গে জলের বোতল রাখতে এবং ঘন ঘন জলপানে উৎসাহিত করতে হবে। তীব্র গরমের সময় শিক্ষার্থীদের জুতো, মোজা ও টাই পরিধান করা থেকে অব্যাহতি বা ছাড় দেওয়া যেতে পারে। জেলায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে অবিলম্বে জরুরি চিকিৎসা সুবিধা প্রদান করতে হবে। সকল শ্রেণিকক্ষে পর্যাপ্ত সিলিং ফ্যান এবং নিরাপদ সুইচবোর্ডসহ অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থা সঠিক রাখা নিশ্চিত করতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষকে পরিবর্তিত সময়সূচি এবং নির্ধারিত সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কিত তথ্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিকট যথাসম্ভব দ্রুত ও উপযুক্ত মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সমস্ত বিদ্যালয়ে শৌচাগার ও প্রস্রাবগার পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাঠদানের সময় শ্রেণীকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের সুবিধার্থে উপযুক্ত বসার ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *