১৪ জুন : বিহার পুলিশে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাটনা জংশনের কাছে পাটলিপুত্র স্টেশন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থার দাবিতে শনিবার রাতে বিশাল সংখ্যক পরীক্ষার্থী রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়।
জানা গিয়েছে, রবিবার বিহারে দুই শিফটে পুলিশ নিয়োগ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় বসার জন্য শনিবার রাত থেকেই পরীক্ষার্থীরা স্টেশনে ভিড় করেন। অভিযোগ, বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকলেও সেই অনুপাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল না। পাটলিপুত্র থেকে কাটিহারগামী একটি বিশেষ ট্রেন স্টেশনে ঢুকতেই হুড়োহুড়ি শুরু হয়। এরপরই ক্ষিপ্ত পরীক্ষার্থীরা রেললাইনে নেমে অবরোধ শুরু করেন।
বিক্ষোভের জেরে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল থমকে যায়। অভিযোগ, উত্তেজিত পরীক্ষার্থীরা স্টেশনে ভাঙচুরও চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দানাপুরের মহকুমা শাসক এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও উত্তেজনা কমেনি। সংঘর্ষের জেরে ইন্সপেক্টর জেনারেল (আইজি) জিতেন্দ্র রানা এবং রূপসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সামান্য আহত হন।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে পুলিশ শূন্যে তিন রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করার আশ্বাস দিলে ধীরে ধীরে অবরোধ উঠে যায়। এই ঘটনার ফলে বহু ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে, যার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরাও। রবিবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশনে বাড়তি পুলিশি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।



