১০ অক্টোবর : মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভবনের অংশবিশেষ ধসে পড়েছে, আবার কোথাও সড়কে বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের পর একাধিক পরাঘাত অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। শুক্রবার স্থানীয় সময় পানামায় এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলের হেরেরা প্রদেশের পিতালোজা আরিবা এলাকার কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২.৬ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ভূমিকম্পে হেরেরা, ভেরাগুয়াস ও লস সান্তোস প্রদেশে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পেনোনোমে শহরে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি গির্জার অংশবিশেষ ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ঐতিহাসিক সান আতানাসিও গির্জাতেও ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। কয়েকটি সড়কে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় পরিস্থিতির উপর নজর রাখছেন সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা।
এদিকে, ভূমিকম্পের পর ৪৫টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থাগুলি। পরপর কম্পনের জেরে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। রাজধানী পানামা সিটিতে নিরাপত্তার কারণে বিভিন্ন ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, ভূমিকম্পের জেরে তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর ফের বিমান পরিষেবা চালু করা হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করতে বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মূল্যায়নের কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।



