প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের বাসভবনে সাক্ষাৎ মওলানা মাহমুদুল হাসানের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দেক আহমদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও, এদিনের এই সাক্ষাৎ সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক ইতিবাচক বার্তা বহন করে।

সাক্ষাৎকালে মওলানা মাহমুদুল হাসান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। পরে দীর্ঘ সময় ধরে উভয় নেতার মধ্যে দেশের সামগ্রিক পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

জমিয়ত নেতা বলেন, সিদ্দেক আহমদ দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সমাজের জন্য এখনও মূল্যবান। তিনি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, সিদ্দেক আহমদ তাঁর প্রতি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে প্রাক্তন মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে দিনভর বহু শুভাকাঙ্ক্ষী তাঁর বারইগ্রামস্থিত বাসভবনে উপস্থিত হয়ে স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *