কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই :
শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনআর গাড়ি পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে ছিটকে সড়কের ওপর পড়ে যান। দুর্ঘটনায় মারুতি ওয়াগনআর গাড়িটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। আহতের নাম মিঠু নাথ। তিনি নরসিংহপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার তীব্রতা বিবেচনায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে স্থানীয়দের একাংশের ধারণা।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ গাড়িচালক আরজুল হক লস্করকে ধরে মারধর করেন। তিনি কাবুগঞ্জ নগদিরগ্রাম চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

খবর পেয়ে সোনাই ও ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *