বরাক তরঙ্গ, ১৫ জুলাই : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন-২০২৬ উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে নিষ্পত্তি করার পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে পুর নির্বাচনের প্রক্রিয়া আরও এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং যোগ্য ভোটারদের নাম সরকারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শিলচর পুর নিগম এলাকার মোট ভোটার সংখ্যা ২,৭০,৭৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৯,৮৭৮ জন, মহিলা ভোটার ১,৪০,৮৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। চূড়ান্ত ভোটার তালিকা শিলচর পৌর নিগমের ৪২টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে তালিকাটি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
প্রকাশিত ভোটার তালিকা সংক্রান্ত কোনো তথ্য বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার অথবা কাছাড় জেলা কমিশনার কার্যালয়ের পুর নির্বাচন শাখার সঙ্গে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



