বরাক তরঙ্গ, ১৪ মে : দ্বিতীয় বিয়ে করে জেল হাজতে ঠাঁই হলো এক ব্যক্তির। ঘটনাটি হোজাই জেলার মোড়াঝারের। বহুবিবাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পাঠানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবার ও স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরবর্তীতে প্রথম স্ত্রী মোড়াঝার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযোগের ভিত্তিতে মোড়াঝার থানায় ৭৫/২৬ নম্বর মামলা রুজু করে আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে হোজাই শঙ্করদেব নগর আদালতে হাজির করানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।



