অসম-মেঘালয় সীমান্তে ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ স্থানীয়রা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : অসম-মেঘালয় সীমান্তের মালিডর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পিচ ও পাথর উঠে গিয়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই সেই গর্তগুলিতে জল জমে ছোট ছোট পুকুরের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কাদায় আটকে পড়ছে ছোট-বড় গাড়ি এবং দূরপাল্লার পণ্যবাহী ট্রাক। এর জেরে প্রায়ই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, NHAIDCL-এর উদাসীনতা এবং নিম্নমানের কাজের কারণেই রাস্তার এই দুরবস্থা। তাঁদের অভিযোগ, কয়েকদিন আগেই সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে রাস্তা সংস্কারের কাজ করা হয়েছিল। কিন্তু নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারা কাজের কারণে মাত্র দু’দিনের মধ্যেই রাস্তার পিচ উঠে গিয়ে ফের গর্ত ও কাদায় পরিণত হয়েছে।

এ অবস্থায় দ্রুত রাস্তার স্থায়ী ও মানসম্মত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। তাই দ্রুত রাস্তা মেরামত না করা হলে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসন ও NHAIDCL-এর কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে রাস্তার স্থায়ী সংস্কারের জোরালো দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *