বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শিলচরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষ (গ্রানাইট জুবিলি) উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আয়োজিত দুদিবসীয় ক্যারম প্রতিযোগিতা ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। এদিন আকর্ষণীয় প্রদর্শনীমূলক ডাবলস ম্যাচ দিয়ে শুরু হয় উদ্বোধনী ম্যাচ। এতে অংশগ্রহণ করেন শিবব্রত দত্ত-বাবুল হোড় জুটি বনাম ড. অনুপ কুমার রায়-নির্মল দাস জুটি।

দু’দিবসীয় প্রতিযোগিতার শুভারম্ভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ড. অনুপকুমার রায়। মঞ্চে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, শিলচর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি বাবুল হোড় ও নির্মল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর সরকার। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, ফুটবল সচিব অনিমেষ চন্দ, ক্রিকেট সচিব রঞ্জু চন্দ সহ অন্যান্যরা। আগামীকাল সন্ধ্যা ৭টায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. অনুপকুমার রায়, বাবুল হোড়, শিবব্রত দত্ত ও চিফ রেফারি অশোক কুমার সিংহ।



