১৯ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের আগার মালওয়া জেলার নালখেদায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রবল স্রোতের নালায় পুণ্যার্থীদের একটি গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা, তিন পুরুষ ও তিন শিশু।
জানা গেছে, পুণ্যার্থীরা উজ্জয়িনী থেকে নালখেদার মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। শুক্রবার রাত পৌনে দু’টো নাগাদ ফেরার পথে খরস্রোতা নালা পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। প্রবল জলের স্রোতে গাড়িটি তলিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সারারাত এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় নালায় জলের স্রোত অত্যন্ত তীব্র ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, তাড়াহুড়ো করে নালা পার হতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।
আগার মালওয়া জেলার পুলিশ সুপার দিলীপকুমার সোনি জানান, মৃত পুণ্যার্থীদের মধ্যে সাত জন ওডিশার বাসিন্দা। গাড়ির চালক মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনার পর প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি নালা থেকে উদ্ধারের কাজ শুরু করে। গাড়ির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের নাম ও পরিচয় জানারও চেষ্টা চলছে।



