৩৫ বছর পর কাশ্মীর স্থানীয় বা ভারতে জন্মানো জঙ্গিমুক্ত, জানালেন অমিত শাহ

Spread the news

২০ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসদমনে বড় সাফল্যের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সন্ত্রাসবিরোধী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ৩৫ বছর পর কাশ্মীর উপত্যকা এখন ভারতে জন্মগ্রহণকারী বা স্থানীয় জঙ্গিদের থেকে সম্পূর্ণ মুক্ত। সন্ত্রাসের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

সম্প্রতি কুলগামে সিআরপিএফ  জওয়ানদের ক্যাম্পে হামলার ঘটনার পর উপত্যকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে যৌথ নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে লস্কর-ই-তৈবার স্থানীয় জঙ্গি লতিফ ভাট নিহত হয়, যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৫ লক্ষ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লতিফের মৃত্যুর সঙ্গেই ৩৫ বছর পর উপত্যকা এমন এক পর্যায়ে পৌঁছাল যেখানে আর কোনো স্থানীয় বা ভারতে জন্মানো জঙ্গি অবশিষ্ট নেই।

ভাষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়াকে একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাত্র এক রাতের মধ্যে দেশের ১১টি রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সমন্বিত অভিযান বিশ্বমঞ্চে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের ৪০টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সংক্রান্ত ঘটনায় ১০০টিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে এবং ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলা ঘটার আগেই জঙ্গিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারাই যে কোনো তদন্তকারী সংস্থার প্রকৃত সাফল্য বলে মন্তব্য করেন শাহ। প্রতিটি রাজ্যে অ্যান্টি টেররিজম স্কোয়াড (Anti-Terrorism Squad)-এর সাইবার বিশেষজ্ঞ ইউনিটকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়ে তিনি থানা পর্যায় থেকে ডিজিপি পর্যন্ত গোয়েন্দা তথ্য আদানপ্রদানের গতি বাড়ানোর নির্দেশ দেন। সেই সঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency)-র সম্প্রসারণের কথা তুলে ধরে তিনি জানান, সংস্থাটির কাজের পরিধি বাড়াতে নতুন করে ১৬টি শাখা, দুটি জোনাল অফিস এবং ৭০টি বিশেষ আদালত গড়ে তোলা হয়েছে। বিদেশে ভারতের স্বার্থ বিঘ্নিত হলে তদন্তের অধিকারও এনআইএ-কে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *