পালংঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রীবাহী অটো, আহত ৬

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। 
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেল যাত্রীবাহী অটোরিকশা। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ১০ মিনিট নাগাদ কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় এক শিশুসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই মহিলা যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াঘাট থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এস ১২ জিসি ০৬৬৮ নম্বরের অটোরিকশাটি। পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার সময় চালকসহ অটোতে মোট সাতজন আরোহী ছিলেন। এতে এক মহিলা যাত্রী অটোর নিচে চাপা পড়েন এবং অপর এক মহিলাও গুরুতর আহত হন। এছাড়া এক শিশুসহ আরও চারজন যাত্রী আঘাত পান।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পালংঘাট মডেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, অটোরিকশার চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগকে কেন্দ্র করে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা চালককে মারধর করে আটকে রাখেন বলেও জানা গেছে। পরে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে নিজেদের হেফাজতে নেয়। দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটিও পুলিশ আটক করে।

অন্যদিকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ অস্বীকার করে চালকের দাবি, তিনি সারা রাত জেগে ছিলেন। এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার অনুরোধ পেয়ে তাঁদের নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে অটোর ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

তবে স্থানীয়দের পাল্টা দাবি, দুর্ঘটনার পর অটোরিকশাটি পরীক্ষা করে ব্রেক সচল অবস্থায় পাওয়া গেছে। ফলে চালকের বক্তব্য ও স্থানীয়দের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে পরস্পরবিরোধী পরিস্থিতি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *