
২০ নভেম্বর : আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ ও ছোটা শাকিলের ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি ওরফে রিজওয়ান পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে খতম হয় ৩৭ বছর বয়সি এই কুখ্যাত অপরাধী।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত নাসিমের মাথার ওপর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার বিরুদ্ধে খুন ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা দায়ের রয়েছে। মূলত বুলন্দশহরের বাসিন্দা হলেও উত্তর-পূর্ব দিল্লিতে নিজের অপরাধ সাম্রাজ্য বিস্তারে সক্রিয় ছিল সে। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় মন্ত্রী কপিল মিশ্রের কার্যালয়ের বাইরে সমীর নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় নাসিম দুরানি মূল অভিযুক্ত ছিল।

তদন্তে আরও জানা যায়, উত্তর-পূর্ব দিল্লিতে মাদক কারবার, জুয়া ও তোলাবাজির দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী হারুন সাইফি এবং রাজা মেওয়াতি গ্যাংয়ের সঙ্গে নাসিমের পুরনো সংঘাত চলছিল। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে খুনের ঘটনায় সে মূল শুটার ছিল। এ ছাড়া ২০১৬ সালে জেলে থাকা গ্যাংস্টার ছোটা রাজনকে খুনের বরাত ছোটা শাকিল এই নাসিমকেই দিয়েছিল বলে দাবি পুলিশের। অতীতে লেখক ও সাংবাদিক তারেক ফাতাহকে হত্যার ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।



