১৫ জুলাই: ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক বিমান হামলার পর সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি আন্দোলন। গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরব হামলা অব্যাহত রাখলে দেশটিকে কার্যত অবরুদ্ধ করার পদক্ষেপ নেওয়া হতে পারে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বুখাইতি অভিযোগ করেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মাধ্যমে ইয়েমেনের বেসামরিক বিমান চলাচল ব্যাহত করা হয়েছে। এর জবাবে সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অধিকার তাদের রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইয়েমেনের ওপর সামরিক চাপ অব্যাহত থাকলে শুধু দেশটির নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তার অভিযোগ, সৌদি আরবের সামরিক পদক্ষেপ চলমান শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।
এদিকে, সাম্প্রতিক হামলার ঘটনায় ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হুথিরা আরও ইঙ্গিত দিয়েছে, প্রয়োজন হলে তারা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের কৌশলগত অবস্থান ব্যবহার করবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকরা।
তথ্যসূত্র: আল-জাজিরা, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



