মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : বর্ষা এলেই শ্রীভূমি শহরের অধিকাংশ রাস্তা, বাজার, অলিগলি ও আবাসিক এলাকায় জল জমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। হাঁটু থেকে কোমরসমান পানিতে নিত্যযাতায়াত কঠিন হয়ে ওঠে। শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বছরের পর বছর এই সমস্যার শিকার হয়ে আসছেন। দীর্ঘদিনের এই নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুয়াহাটি থেকে আসা বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই শহরের বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সমীক্ষার কাজ শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা এবং বর্ষায় নিয়মিত জলাবদ্ধতায় আক্রান্ত অঞ্চল ঘুরে ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় নিকাশি ব্যবস্থার ঘাটতি রয়েছে, কোথায় জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কোন এলাকায় নতুন ড্রেন নির্মাণ বা পুরনো নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন, তা বিস্তারিতভাবে মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা।
শুধু বর্তমান পরিস্থিতিই নয়, ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, অতিবৃষ্টির প্রবণতা এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিবেচনায় রেখেই পরিকল্পনা তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মতামতও সংগ্রহ করা হচ্ছে, যাতে বাস্তবভিত্তিক ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব হয়।
সমীক্ষা শেষে বিশেষজ্ঞ দল একটি পূর্ণাঙ্গ কারিগরি প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, বৃষ্টির জল নিষ্কাশনের উন্নত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।



