শিলচর–হাফলং সড়কের দূরবীন টিলায় ভয়াবহ ভূমিধস, দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : টানা ভারি বর্ষণের জেরে শিলচর–হাফলং ইস্ট-ওয়েস্ট করিডরের বান্দরখাল সংলগ্ন দূরবীন টিলা এলাকায় শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পাহাড়ের একটি বিশাল অংশ ধসে জাতীয় সড়কের উপর এসে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

জানা গেছে, অন্যান্য দিনের তুলনায় এদিন সড়কে যানবাহনের চাপ কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে হঠাৎ ভূমিধস নামায় রাস্তার দুই প্রান্তে বহু যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে এনএইচআইডিসিএল-এর উদ্যোগে ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

এদিকে, বর্ষা মরশুম শুরু হতেই ২৭ নম্বর জাতীয় সড়কের পাহাড়ি অংশে বারবার ভূমিধসের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *