বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নাবালিকাকে অপহরণ, পরিচয় গোপন করে প্রতারণা, জোরপূর্বক ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে দীন ইসলাম ওরফে রাহুল দাস নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দিল গোয়ালপাড়া জেলা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩৬৬, ৪১৯ ও ৩৭৬ ধারার পাশাপাশি পকসো আইনের ৪ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
গোয়ালপাড়া জেলা আদালতের জেলা ও সেশনস বিচারক তথা বিশেষ পকসো আদালতের বিচারক উৎপল রাজখোয়ার বিশেষ আদালত এই রায় প্রদান করেন।
অভিযোগ অনুযায়ী, দারং জেলার বাসিন্দা মুসলিম যুবক দীন ইসলাম ২০১৬ সালে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে গোয়ালপাড়া জেলার ধূপধরা থানার অন্তর্গত এলাকার এক জনজাতীয় নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। পরে জোরপূর্বক তার ধর্ম পরিবর্তন ও বিয়ে দেওয়া হয় এবং নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
ঘটনার পর ধূপধরা থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গোয়ালপাড়া জেলা আদালতের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
রায় অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।



